সেনাবাহিনীর ক্যাপ্টেন ও উর্ধ্বতনদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিন বাড়িয়েছে সরকার
সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার সমমর্যাদার বা উচ্চ পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সেনা কর্মকর্তাদের ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে আগামী ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সারা দেশে এই ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকবে। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতাভুক্ত অপরাধগুলোর বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর থেকে সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হচ্ছে। এরপর থেকে প্রতি দুই মাস পরপর এই মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।