আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
বুধবার (৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় চিঠি শিগগিরই কমিশনের হাতে পৌঁছাবে। তিনি বলেন, “আমরা আগের তিনটি নির্বাচনের মতো নির্বাচন চাই না। এবার সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।”
সিইসি আরও জানান, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।
আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নে তিনি বলেন, “দলটির সবধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং বিচার প্রক্রিয়াও চলমান। বিচার শেষে নির্বাচন কমিশন তাদের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
ভোটগ্রহণে যুক্ত পেশাজীবীদের অংশগ্রহণ বিষয়ে সিইসি বলেন, “পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকসহ যারা নির্বাচনের দায়িত্বে থাকতেন, তাদের অনেকেই ভোট দিতে পারতেন না। এবার তাদের পোস্টাল ব্যালটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা প্রায় আট থেকে দশ লাখ ভোটারকে অন্তর্ভুক্ত করতে পারে।”
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার ঠেকাতে উন্নত দেশের মডেল অনুসরণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।”
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে উল্লেখ করে সিইসি আশাবাদ ব্যক্ত করেন, “বর্তমানে বাহিনীগুলোর সক্ষমতা বেড়েছে। নির্বাচনের আগে বাকি সময়েও পরিস্থিতির আরও উন্নতি হবে।”