দ্বিতীয় অধ্যায়ে নির্বাচনই সরকারের প্রধান লক্ষ্য: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ৫ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ের মূল লক্ষ্য হলো একটি উৎসবমুখর, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই সব ধরনের সংস্কার কার্যক্রম শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। ১২১টি সুপারিশের মধ্যে ইতোমধ্যে ১৬টি বাস্তবায়িত হয়েছে, ৮৫টি সুপারিশ বাস্তবায়নের পথে রয়েছে, ১০টি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে এবং বাকি ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে আলোচনা চলবে।
প্রেস সচিব আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ন্যায়বিচারের মুখোমুখি করা হবে। এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যুতে সফলভাবে আলোচনা পরিচালনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে সভায় অভিনন্দন জানানো হয়।
এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর স্মরণে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়।