৯ সদস্যের কমিটি, সভাপতি লে. জেনারেল ফয়জুর রহমান
সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের (বেসামরিক কর্মকর্তা/কর্মচারী ছাড়া) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৯ সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটি নিজস্ব নীতি ও পদ্ধতি অনুসরণ করে সুপারিশ প্রণয়ন করবে। প্রয়োজনে দেশের যেকোনো সংস্থা থেকে তথ্য সংগ্রহ করতে পারবে এবং সহযোগিতা নিতে পারবে। পাশাপাশি, তিন বাহিনীর জন্য পৃথক সাব-কমিটি গঠনের ক্ষমতাও থাকবে।
এ ছাড়া কমিটি জাতীয় বেতন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এবং আগামী ৩১ অক্টোবরের মধ্যে সুপারিশসমূহ পুস্তক আকারে ২৫ কপি সশস্ত্র বাহিনী বিভাগে জমা দেবে।
কমিটির অন্য সদস্যরা হলেন— মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন এবং ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর।