শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ডিসেম্বরে সাড়ে ১৩ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেবে সরকার

ডিসেম্বরে সাড়ে ১৩ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেবে সরকার

favicon
অনলাইন সংস্করণ
ডিসেম্বরে সাড়ে ১৩ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে আগামী ডিসেম্বরের মধ্যে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, "বর্তমানে প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। আগস্ট মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ডিসেম্বরের মধ্যেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।"


শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।


সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, "শহরে বদলি হওয়ার প্রবণতা শিক্ষকদের মধ্যে বেশি। তবে নিয়ম অনুযায়ী যেখানেই পোস্টিং, সেখানেই থাকতে হবে। কিন্তু তদবির ও বদলির কারণে বাস্তবতা ভিন্ন হয়ে যায়। এটি আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা।"


সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারাও একই গ্রেডে থাকলেও প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে যাবে—এমন ধারণা সঠিক নয়। তবে তাদেরও গ্রেড উন্নয়নের বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।"


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। তিনি জানান, কিশোরগঞ্জ জেলায় বর্তমানে ৮০৫ জন শিক্ষক প্রশিক্ষণবিহীন রয়েছেন। তাদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনা হবে। এছাড়া জেলার ১৮০টি বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু হচ্ছে এবং সহকারী শিক্ষকদেরও মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে।


সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম উপস্থিত ছিলেন।