শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আজ সন্ধ্যায় ঘোষিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল

আজ সন্ধ্যায় ঘোষিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ সন্ধ্যায় ঘোষিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রতীক্ষিত তফসিল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর থেকে উপদেষ্টা পরিষদ আর কোনো নতুন প্রকল্প অনুমোদন করতে পারবে না।


তফসিলের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের প্রচারসামগ্রী—পোস্টার, ব্যানারসহ—সরিয়ে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি নিশ্চিত করতে তফসিল ঘোষণার পরদিন থেকেই প্রতিটি উপজেলা ও থানায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।


নির্বাচনের আগের তিন দিন, নির্বাচন দিবস এবং পরের দিন মিলিয়ে মোট পাঁচ দিন ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া নির্বাচনী এলাকায় সোশ্যাল সেফটি নেট ছাড়া অন্য যেকোনো ধরনের অনুদান বা ত্রাণ বিতরণে নিষেধাজ্ঞা থাকবে। গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের সভা শেষে কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।


আরপিওর ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী, সময়সূচি ঘোষণার পর থেকে ভোটের ফল প্রকাশের ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার বা তাদের অধীন কর্মকর্তাদের বদলি করা যাবে না।


সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং আরপিওর ৫ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাহী বিভাগ নির্বাচনী কার্যক্রমে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। সাধারণত তফসিল ঘোষণার পরই এই বিধান কার্যকর হয়।