শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদের ৫ দিনের রিমান্ড

সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদের ৫ দিনের রিমান্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদের ৫ দিনের রিমান্ড

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্নার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


সেদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে ৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রমনা এলাকা থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড ও কারাগারে রাখার আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ১১ ডিসেম্বর তারিখ ঠিক করেন।


মামলার এজাহারে বলা হয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বৈধ অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন। ১৩ সেপ্টেম্বর মিন্টো রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে। তার কাছে থাকা দুটি আইফোনও জব্দ করা হয়। পরে সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়।


এই মামলায় এনায়েত করিমসহ তার সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদ, জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদ ও যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিফাতুল ইসলাম পাভেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ।