শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশসহ চার দেশে মার্কিন নাগরিকদের জন্য লেভেল–২ ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ চার দেশে মার্কিন নাগরিকদের জন্য লেভেল–২ ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশসহ চার দেশে মার্কিন নাগরিকদের জন্য লেভেল–২ ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ চারটি গ্রীষ্মমণ্ডলীয় দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অনিরাময়যোগ্য মশাবাহিত রোগ ছিকুনগুনিয়ার দ্রুত বেড়ে ওঠা প্রাদুর্ভাবকে কেন্দ্র করে এই সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। খবর ফক্স নিউজ।


সিডিসির ঘোষণায় জানানো হয়েছে—বাংলাদেশ, কিউবা, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে এই সতর্কতা কার্যকর থাকবে। এসব অঞ্চলে ভ্রমণকারীদের ‘এনহ্যান্সড প্রিকশন্স’ অর্থাৎ অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ছিকুনগুনিয়ার কোনো নিরাময় নেই, তবে রোগটি টিকা-প্রতিরোধযোগ্য। তাই আক্রান্ত এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে টিকা নেওয়ার সুপারিশ করা হচ্ছে। রোগের সাধারণ লক্ষণ হলো জ্বর ও তীব্র জয়েন্ট ব্যথা, যা দীর্ঘ সময় স্থায়ী হতে পারে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে কিছু ক্ষেত্রে রোগীর অবস্থা গুরুতর হয়ে অঙ্গহানি, জটিলতা এবং এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই অনেক রোগীকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।


ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ছিকুনগুনিয়ার সন্দেহভাজন ও নিশ্চিত মোট ৪ লাখ ৪৫ হাজার কেস এবং ১৫৫ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। বাংলাদেশেও রোগটির ঝুঁকি বাড়ছে—ঢাকায় একই সময়ে ৭০০ সন্দেহভাজন কেস রিপোর্ট হয়েছে।


অন্যদিকে চীনের গুয়াংডং প্রদেশে এখন পর্যন্ত ১৬ হাজার স্থানীয়ভাবে সংক্রমিত কেস শনাক্ত করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব।


এ ছাড়া সিডিসি সতর্ক করেছে—ব্রাজিল, ভারত, পাকিস্তান, মেক্সিকো, নাইজেরিয়া, কলম্বিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে ভ্রমণ করলেও মার্কিন নাগরিকদের ছিকুনগুনিয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।


সূত্র: ফক্স নিউজ