প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক শুরু
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার সকাল সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে তিনটি দলের পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে অংশ নিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
তাৎক্ষণিকভাবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি জানা না গেলেও রাজনৈতিক সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবারই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্য ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে তিনি হামলাকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর উদ্বেগজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।