শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। তিনটি দলের পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত আছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।


তাৎক্ষণিকভাবে বৈঠকের আলোচ্যসূচি প্রকাশ না করা হলেও রাজনৈতিক সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।


উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


এই ঘটনার পরপরই শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বৈঠক শেষে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সুপরিকল্পিত আঘাত। তিনি আরও বলেন, পরাজিত শক্তি এ ঘটনার মাধ্যমে দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে এবং এ ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না।