প্রবাসী ভোটার নিবন্ধন ৪ লাখ ছাড়াল, পোস্টাল ভোটে অংশ নেবেন বিদেশে থাকা ভোটাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ৪ লাখ ৬ হাজার ১৫২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩ লাখ ৮০ হাজার ১০০ জন পুরুষ এবং ২৬ হাজার ৫২ জন নারী।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ সংখ্যা জানা যায়। নিবন্ধন সম্পন্ন করা প্রবাসীদের নির্ধারিত ঠিকানায় নির্দিষ্ট সময়ে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এ ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া, মরক্কো, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এই অ্যাপে নিবন্ধন করছেন।
ইসি জানায়, নিবন্ধনকারীদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে ভোটাররা নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।