রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (৪ জুলাই) ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।


চিঠিতে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে রয়েছে। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারিত্বে পরিণত হয়েছে।


প্রধানমন্ত্রী আরও বলেন, চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা ও উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


চিঠিতে আগামী দিনগুলোতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এই অংশীদারিত্বকে আরও গভীর ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।


বার্তার শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণও কামনা করেন তিনি।