সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

favicon
ভোরের আলো ডেস্ক:
নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

কারা অধিদফতরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।


রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে।


একই প্রজ্ঞাপনে কারা অধিদফতরের বর্তমান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


এ ছাড়া সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পাওয়া মো. সাইদুল ইসলামকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।