সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › ১০ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম হাসান-শেহতাজের

১০ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম হাসান-শেহতাজের

favicon
ভোরের আলো ডেস্ক:
১০ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম হাসান-শেহতাজের

দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম।


রোববার (৪ অক্টোবর) রাতে প্রীতম হাসান তার ফেসবুক পেজে একটি যৌথ বিবৃতির মাধ্যমে তাদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান।


যৌথ বিবৃতিতে তারা বলেন, একসঙ্গে কাটানো সময় ও তৈরি হওয়া স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পরস্পরের প্রতি এখনো যত্ন ও শ্রদ্ধা রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই তাদের জন্য ভালো হবে।


বিবৃতিতে আরও জানানো হয়, দীর্ঘ সময় ভেবেচিন্তে এবং পরস্পরের সম্মতিতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সমর্থন নিয়ে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন।


এ সময় বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। একই সঙ্গে তাদের প্রতি সমর্থন ও বোঝাপড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।


২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারের একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শেহতাজ মুনিরা হাশেম। বিয়ের আগে পাঁচ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে ছিলেন তারা।


২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু বলে জানা যায়।