সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › টম ক্রুজ-ব্র্যাড পিটকে পেছনে ফেলে বক্স অফিসে দাপট ‘দৃশ্যম ৩’-এর

টম ক্রুজ-ব্র্যাড পিটকে পেছনে ফেলে বক্স অফিসে দাপট ‘দৃশ্যম ৩’-এর

favicon
ভোরের আলো ডেস্ক:
টম ক্রুজ-ব্র্যাড পিটকে পেছনে ফেলে বক্স অফিসে দাপট ‘দৃশ্যম ৩’-এর

বিজয় সালগাঁওকর—‘দৃশ্যম’ সিরিজের এই চরিত্রটি এখন শুধু একটি সিনেমার নাম নয়, বরং দর্শকদের কাছে আবেগেরও অংশ। নিজের পরিবারকে রক্ষা করতে একজন সাধারণ মানুষ কীভাবে অসাধারণ পরিস্থিতির মোকাবিলা করেন, সেই গল্প নিয়েই তৈরি হয়েছে সিরিজটি। এবার তৃতীয় কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির পর বিশ্ব বক্স অফিসে সাড়া ফেলেছে।


গত শুক্রবার (২ অক্টোবর) ভারতে গান্ধীজয়ন্তীর ছুটিতে মুক্তি পায় অজয় দেবগন অভিনীত সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী প্রায় ৯ কোটি ৫১ লাখ মার্কিন ডলার নয়, বরং ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করে ‘দৃশ্যম ৩’।


মুক্তির চার দিনের মাথায় টম ক্রুজ অভিনীত ‘ডিগার’-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমে বিশ্ব বক্স অফিসে এগিয়ে যায় সিনেমাটি। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘ডিগার’-এর তুলনায় অনেক কমসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও ‘দৃশ্যম ৩’ এই সাফল্য পেয়েছে।


বিশ্ব বক্স অফিসে একই সময়ে মুক্তি পাওয়া বড় বাজেটের হলিউড সিনেমাকে কোনো ভারতীয় চলচ্চিত্র ছাড়িয়ে যাওয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না। এর আগে ‘আরআরআর’, ‘জওয়ান’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র মতো ভারতীয় সিনেমা বড় হলিউড মুক্তির সঙ্গে প্রতিযোগিতা করে আলোচনায় এসেছিল। তবে সরাসরি টম ক্রুজ অভিনীত সিনেমাকে পেছনে ফেলার ঘটনা এবারই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রথম সপ্তাহান্তে দ্বিতীয় সর্বোচ্চ আয়


ভারতের বক্স অফিসে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ দুর্দান্ত সূচনা করেছে। প্রথম সপ্তাহান্তে ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৫০ লাখ রুপি। গ্রস আয় হয়েছে ২১১ কোটি ৮০ লাখ রুপি।


যুক্তরাষ্ট্র ও কানাডায় অবশ্য সিনেমাটির শুরুটা তুলনামূলক ধীর ছিল। এরপরও উত্তর আমেরিকার পাঁচ শতাধিক প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি ২৭ লাখ মার্কিন ডলার আয় করেছে বলে কমস্কোর ও বক্স অফিস মোজোর তথ্যের বরাতে জানানো হয়েছে।


ইউরোপ, উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করেছে সিনেমাটি। এসব বাজার মিলিয়ে এর আয় ছাড়িয়েছে ৩৪ লাখ মার্কিন ডলার।


রোববার পর্যন্ত বিশ্বব্যাপী ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৩ কোটি টাকা। এই আয় নিয়ে মুক্তির প্রথম সপ্তাহান্তে বিশ্ব বক্স অফিসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমাটি।


বিশ্ব বক্স অফিসের তালিকায় শীর্ষে রয়েছে অ্যানা হ্যাথাওয়ে ও ডাকোটা জনসন অভিনীত ‘ভেরিটি’। থ্রিলারধর্মী সিনেমাটি বিশ্বব্যাপী ৬ কোটি ২৬ লাখ মার্কিন ডলার আয় করেছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেই এসেছে ৩ কোটি ২০ লাখ ডলার।


এদিকে ব্র্যাড পিট অভিনীত ‘হার্ট অব দ্য বিস্ট’ বিশ্ব বক্স অফিসে তৃতীয় অবস্থানে রয়েছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আরও ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করেছে।


‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে রয়েছেন তাবু, শ্রিয়া সরণ, রজত কাপুর, ইশিতা দত্তা, মৃণাল যাদব ও কমলেশ সাওয়ান্ত।


‘দৃশ্যম ২’-এর সৌরভ শুক্লাও ক্যামিও চরিত্রে আবার ফিরেছেন। নতুন করে অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ। অভিষেক পাঠক সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনাও করেছেন।