সোশ্যাল মিডিয়ার তথ্য না দিলে মার্কিন ভিসা বাতিল: ঢাকাস্থ দূতাবাসের নতুন বার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) সঠিক তথ্য প্রদান না করলে আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই নিয়মটি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এতে বলা হয়, ভিসা আবেদনে কোনো আবেদনকারী যদি নিজের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করেন বা না দেন, তবে তাঁর ভিসা আবেদন বাতিল করা হতে পারে। এমনকি এর ফলে আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য স্থায়ীভাবে অযোগ্য বলেও বিবেচিত হতে পারেন।
উল্লেখ্য, মার্কিন ভিসা পেতে সাক্ষাৎকার পর্বে বা আবেদনপত্রে কোনো প্রকার ভুল বা অসত্য তথ্য প্রদান করলে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়—দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।