সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শিক্ষকদের প্রাপ্য অর্থ সময়মতো ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষকদের প্রাপ্য অর্থ সময়মতো ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
শিক্ষকদের প্রাপ্য অর্থ সময়মতো ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের হাজার হাজার শিক্ষক-কর্মচারী অবসরের পর মাসের পর মাস, এমনকি বছরের পর বছর নিজেদের প্রাপ্য অবসর ও কল্যাণসুবিধার অর্থের জন্য ভোগান্তির শিকার হন। অনেকে জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেও প্রাপ্য অর্থ হাতে পান না। এ নিয়ে শিক্ষকসমাজে দীর্ঘদিন ধরে হতাশা ও ক্ষোভ রয়েছে।


এ পরিস্থিতি থেকে শিক্ষকদের মুক্তি দিতে তাদের বেতন ও অবসরভাতার অর্থ যথাসময়ে ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রধানমন্ত্রী বলেন, একজন শিক্ষক কর্মরত থাকুন কিংবা অবসর জীবনে থাকুন, মহান পেশার কারণে আমৃত্যু তিনি রাষ্ট্রের কাছে সম্মানীয়। তাই শিক্ষকদের প্রাপ্য বেতন ও অবসরভাতা পেতে যেন সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কষ্ট করতে না হয়, সে জন্য যথানিয়মে যথাসময়ে তাদের অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে।


সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকদের জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বক্তব্যের শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষক সমাজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।