রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।
এদিকে, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।