সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির সংলাপ চলছে: হুমায়ুন কবির

তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির সংলাপ চলছে: হুমায়ুন কবির

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির সংলাপ চলছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরের দিনক্ষণ চূড়ান্ত হলে তা ঢাকার পক্ষ থেকে জানানো হবে বলেও জানান তিনি।


সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে দুই দেশের মধ্যে সরকারি ও কর্মকর্তা পর্যায়ে আলোচনা এবং কূটনৈতিক যোগাযোগ চলছে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপের মাধ্যমে মোকাবিলা করে ইতিবাচক ফল পাওয়ার আশা রয়েছে।


এদিকে আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিতে দেশটি সফর করতে পারেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবির।


ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের কারিগরি পর্যায়ে আলোচনা চলমান রয়েছে বলেও সাম্প্রতিক সময়ে জানানো হয়েছে।