বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের মূল সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি।


বুধবার (৭ অক্টোবর) সকালে বঙ্গভবনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।


সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ রাষ্ট্রপতিকে হাবিপ্রবির সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ৬০০ কোটি টাকার সরকারি বরাদ্দের বিষয়টিও রাষ্ট্রপতিকে জানানো হয়। পাশাপাশি শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং ছাত্রীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন উপাচার্য।


রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রতিনিধিদলকে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।


সাক্ষাৎকালে হাবিপ্রবির আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন তিনি।