বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুটা সময় লাগবে: রিজভী
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আয়োজিত বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শিক্ষক সমাজকে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা হবে না। শিক্ষা কার্যক্রমকে রাজনীতিকরণ করা হলে এর পরিণতি ধ্বংসাত্মক হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে গুণগত শিক্ষার প্রয়োজন রয়েছে। সঠিকভাবে পাঠদানের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। তাই নিজেদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তোলার প্রতি শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন বলেন, সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার বিষয়ে সরকার আশাবাদী। ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।