বেঙ্গালুরুতে ধ্রুব রাঠির কড়া বক্তব্য, জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি
ভারতের ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যে বেঙ্গালুরুতে আয়োজিত ‘পিপলস ট্রাইব্যুনাল’ কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ধ্রুব রাঠি। সেখানে ভারতের বিজেপি সরকার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সমালোচনা করে তার পদত্যাগের দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত কর্মসূচিতে ধ্রুব রাঠিকে মঞ্চে ডাকা হলে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন।
ধ্রুব রাঠি বলেন, বেঙ্গালুরুতে আসার পর থেকেই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি সরকার পরিবর্তনের উদ্দেশ্যে এসেছেন। তবে তার লক্ষ্য সরকার পরিবর্তন নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নিজের অর্থেই বেঙ্গালুরুতে এসেছেন বলে দাবি করেন ধ্রুব।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে জ্ঞানেশ কুমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রশ্ন তোলেন তিনি। ধ্রুব রাঠির দাবি, আগে ভোটার থাকা প্রায় ৭০ হাজার মানুষের নাম ভোটের সময় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে তাদের কয়েকজনের নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলেও দাবি করেন তিনি।
বিহারের উদাহরণ তুলে ধরে ধ্রুব রাঠি দাবি করেন, সেখানে প্রায় ৬৫ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। উত্তর প্রদেশে রাতারাতি প্রায় ১৪ লাখ মানুষের নাম ভোটার তালিকায় যুক্ত হওয়ার দাবিও তুলে ধরেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে ধ্রুব রাঠি ‘ভোট চোর গদি ছাড়’ স্লোগান দেন এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। এ সময় উপস্থিত জনতার একাংশও একই স্লোগানে তার সঙ্গে যোগ দেন।
পরে ধ্রুব রাঠি নিজের মুঠোফোন বের করে কর্মসূচির মঞ্চেই একটি সংক্ষিপ্ত ভিডিও ধারণ করেন। তার সঙ্গে উপস্থিত লোকজনও স্লোগানে অংশ নেন।