নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, আহত দুই
ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী (২২) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার দুই বন্ধু—তামিম ও হাসান। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ বাজার সংলগ্ন নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া সমশেরপুর এলাকার বাসিন্দা খোরশেদ আলমের ছেলে। দেড় মাস আগে তিনি ছুটিতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। আহত তামিম ও হাসানও একই এলাকার বাসিন্দা।
আহতদের বরাত দিয়ে জানা যায়, দুইটি মোটরসাইকেলে ছয় বন্ধু মিলে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে নবাবগঞ্জের কলাকোপায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে একটি মোটরসাইকেল—যাতে মেহেদী, তামিম ও হাসান ছিলেন—নবাবগঞ্জ বাজার পেরিয়ে একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়।
তিনজনই গুরুতর আহত হলে সঙ্গে থাকা অন্য বন্ধুরা দ্রুত তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।