সড়ক সংকোচন ও খানাখন্দে থমকে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৩৪ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
যানজট ছড়িয়ে পড়েছে আশুগঞ্জ গোলচত্বর থেকে শুরু হয়ে সরাইল বিশ্বরোড, কুট্টাপাড়া মোড় হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত।
হাইওয়ে পুলিশ জানায়, ৬ লেনের উন্নয়নকাজ চলায় মহাসড়কের অনেক অংশ এখন সরু হয়ে আছে। ফলে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে।
এছাড়া আশুগঞ্জ ও বিশ্বরোড এলাকায় অসংখ্য খানাখন্দ ও চলমান বৃষ্টির কারণে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। কোথাও কোথাও গর্তে গাড়ি আটকে গিয়ে যানজট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
যান চলাচল স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ।