অপরাধ বাড়ার খবর পুরোপুরি সত্য নয়: প্রধান উপদেষ্টার কার্যালয়
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বলে যেসব খবর প্রকাশিত হচ্ছে, সে দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
১৪ জুলাই (সোমবার) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশের সদরদফতর প্রকাশিত আনুষ্ঠানিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, প্রধান প্রধান অপরাধের হার মোটামুটি স্থিতিশীল রয়েছে। ফলে, গণমাধ্যমে প্রচারিত ‘অপরাধের ঢেউ’ সংক্রান্ত বক্তব্য পুরোপুরি সত্য নয়।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ মাসে মোট খুনের সংখ্যা ৩ হাজার ৫৫৪টি। এর মধ্যে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৫৮৩টি খুনের ঘটনা ঘটে এবং সবচেয়ে কম খুন হয়েছে ২০২৫ সালের জানুয়ারিতে—সংখ্যা ২৯৪টি।
একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪ হাজার ১০৫টি। যার মধ্যে এ বছরের এপ্রিল মাসে সবচেয়ে বেশি ৫৩৭টি ধর্ষণের মামলা হয়েছে। এছাড়া এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ৫টি।
অপহরণের ঘটনা ঘটেছে ৮২৯টি, চুরি ৭ হাজার ৩১০টি এবং ডাকাতি হয়েছে ৬১০টি। সব মিলিয়ে পুলিশের কাছে দায়ের হওয়া মোট মামলার সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৯৫৫টি।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, কিছু অপরাধের ক্ষেত্রে বাড়তি প্রবণতা দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাবে না। গুরুতর অপরাধের অনেক ক্ষেত্রেই হার কমেছে বা স্থিতিশীল রয়েছে। তবে নাগরিকদের অবশ্যই সতর্ক থাকা উচিত।