মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী হত্যায় দুই আসামির ৫ দিনের রিমান্ড
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মাথা থেঁতলে হত্যা মামলায় আরও দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন মামলার এজাহারনামীয় আসামি সজিব বেপারী ও রাজীব বেপারী।
সোমবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন কোতোয়ালি থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান তাদেরকে আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার মিটফোর্ড এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা পাথর দিয়ে মাথায় আঘাত করে সোহাগকে হত্যা করে।
এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার করা হবে।