গাজীপুরে শিশু নাবিলার লাশ উদ্ধারে এলাকাজুড়ে শোকের ছায়া
গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় নিখোঁজের ৫ দিন পর নাবিলা কানিজ নাবা নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) বিকেলে বাড়ির পাশের একটি স্থান থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই বিকেলে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় নাবিলা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবার মাইকিং করে এলাকাজুড়ে জানিয়ে দেন।
পাঁচ দিন পর সোমবার বিকেল ৪টার দিকে বাড়ির পেছনে একটি বস্তা পড়ে থাকতে দেখেন নাবিলার চাচা কুদ্দুস মিয়া। সন্দেহ হলে বস্তাটি খুলে দেখেন, ভেতরে হাত-মুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর সদর থানার পুলিশ জানায়, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা নাবিলার হাত-পা বেঁধে তাকে হত্যা করেছে।
ঘটনাটিকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।