সিরিয়ায় ইসরাইলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়
বুধবার (১৬ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে ইসরাইলের চালানো বিমান হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের কাছেও হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা এবং উত্তর সীমান্ত রক্ষার দাবি করে এই হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় সিরিয়া সরকার বলেছে, "সরকারি ও বেসামরিক স্থাপনায় হামলা ইসরাইলের সরাসরি আগ্রাসন।" অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা অভিযোগ করেছেন, ইসরাইল বড় আকারের উত্তেজনা ছড়াচ্ছে।
হামলার নিন্দায় মুখর হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।
তুরস্ক জানিয়েছে, ১৪ বছরের যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টাকে ইসরাইল নস্যাৎ করতে চাইছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইলের এই আগ্রাসন শুধু সিরিয়া নয়, পুরো অঞ্চলের জন্য হুমকি। তিনি বলেন, “এরপর কোন রাজধানী? ইসরাইলের সীমাহীন আগ্রাসন বন্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানের সমন্বয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) এক যৌথ বিবৃতিতে হামলার নিন্দা জানায়।
জিসিসির মহাসচিব জসেম মোহাম্মদ আলবুদাইবি বলেন, "ইসরাইলি হামলা সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।"
ইউরোপীয় ইউনিয়নও এ হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা বলেছেন, “ইসরাইলের উচিত সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো।”
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীও আশঙ্কা প্রকাশ করেছেন, এই হামলা সিরিয়ায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।