গোপালগঞ্জে ৫৫ ঘণ্টার কারফিউ শিথিল, রাস্তাঘাটে ফিরছে জনজীবন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলার পর টানা ৫৫ ঘণ্টার কারফিউ শিথিল করা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জেলার জনজীবন।
শনিবার (১৯ জুলাই) ভোর ৬টার পর থেকে কারফিউ শিথিলের ঘোষণা দেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট এক ক্ষুদে বার্তায় জানান, আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরে আবার সিদ্ধান্ত নেয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, ভোরে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে লোকসমাগম। দোকানপাট খুলতে শুরু করেছে। কেউ কর্মস্থলে যাচ্ছেন, কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে আসছেন। কাঁচাবাজার ও ফলের বাজারে স্বাভাবিক বেচাকেনা চলছে। তবে বেশিরভাগ মানুষের মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট।
এদিকে শুক্রবার রাতেও যৌথবাহিনী অভিযান চালিয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ ও গাড়িবহরে হামলাকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়। পরে পরিস্থিতির অবনতিতে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।
পরদিন বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউ বাড়ানোর ঘোষণা দেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তা বলবৎ ছিল। এরমধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল। পরে আবারও বাড়িয়ে আজ শনিবার ভোর ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়।
সর্বশেষ শুক্রবার রাতে জানানো হয়, আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।