মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত ২৭, শিশুই অধিকাংশ

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত ২৭, শিশুই অধিকাংশ

favicon
অনলাইন সংস্করণ
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত ২৭, শিশুই অধিকাংশ

উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা ছাড়া বাকি সবাই স্কুলের শিক্ষার্থী। মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।


তিনি জানান, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৭৮ জন, যাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।


ডা. সায়েদুর জানান, নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। আহতদের জন্য আজ থেকেই রক্তের প্রয়োজন হবে, এজন্য রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


ঘটনাটি ঘটে সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।


বিমান বিধ্বস্তের সময় ভবনটিতে নার্সারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছিল। তখন ভবনের ভেতরে প্রায় ১০০-১৫০ জন শিক্ষার্থী ছিল। স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে দুর্ঘটনাটি ঘটে।


দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।


বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং আকাশে মাত্র ১৩ মিনিট ছিল।


এই মর্মান্তিক দুর্ঘটনায় সরকার আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।