বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়উত্তরায় বিমান দুর্ঘটনা: নিখোঁজ এক অভিভাবকের খোঁজ মিলছে না

উত্তরায় বিমান দুর্ঘটনা: নিখোঁজ এক অভিভাবকের খোঁজ মিলছে না

favicon
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান দুর্ঘটনা: নিখোঁজ এক অভিভাবকের খোঁজ মিলছে না
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে উৎসুক জনতা।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক অভিভাবকের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। বুধবার (২৩ জুলাই) সকালে চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কোঅর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা। তিনি জানান, এখন পর্যন্ত একজন অভিভাবকের নিখোঁজ থাকার তথ্য রয়েছে তাদের কাছে। নিখোঁজ ওই অভিভাবকের নাম লামিয়া আক্তার। তার সন্তান প্রতিষ্ঠানটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।এর আগে গতকাল মঙ্গলবার নিহত, আহত এবং নিখোঁজদের পরিচয় ও সংখ্যা নির্ধারণে কলেজ কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এ দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে, তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে।’

এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না, তা শিক্ষাপ্রতিষ্ঠানটির রেজিস্টার খাতাসহ অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়।’

এ মর্মান্তিক ঘটনায় আহত-নিহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।