৭০ শতাংশ দগ্ধ মাহতাব এখনো অচেতন, দেশবাসীর কাছে পরিবারের দোয়ার অনুরোধ
আমার একটা মাত্র ছেলে, আল্লাহ তুমি কাইড়া নিও না। আমার ছেলেটাকে আমার বুকে ফিরায় দাও”—ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে বসে কাঁদতে কাঁদতে এভাবেই প্রার্থনা করছিলেন মো. মিনহাজুর রহমান ভূঁইয়া। তার একমাত্র ছেলে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমান (১৫), এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ICU-তে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১টার দিকে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেন মাহতাবের বাবা মিনহাজুর। কাঁপা কণ্ঠে তিনি বলেন, “ছেলেটার অবস্থা ভালো না ভাই, এখনো জ্ঞান ফেরেনি। আমি আর পারছি না। সবাই আমার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন সহায় হয়।”
গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হয় মাহতাব। শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় সেনা সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান এবং লাইফ সাপোর্টে রাখা হয়।
আইসিইউর সামনে অপেক্ষমাণ মাহতাবের স্বজনরা জানান, তার বাবা-মা ভেঙে পড়েছেন। খাবার খাচ্ছেন না, নিঃশ্বাস-প্রশ্বাসে শুধু সন্তানের জন্য প্রার্থনা আর কান্না। কখনো কখনো মূর্ছা যাচ্ছেন মা-বাবা দুজনেই।
মাহতাবের প্রতিবেশী চাচা মো. আবুল খায়ের জানান, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে কথা বলে নিশ্চিত হয়েছেন যে এখনো মাহতাবের জ্ঞান ফেরেনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, তবে দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় ৩৫ ঘণ্টা, এখনো সন্তোষজনক অগ্রগতি হয়নি।
দেশবাসীর কাছে মাহতাবের পরিবার একটাই অনুরোধ জানিয়েছে—তাদের একমাত্র সন্তানের জন্য দোয়া করতে যেন কেউ ভুল না করেন।