ভারত থেকে ফিরছিলেন অবৈধ পথে, তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লামাকাটা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন—
রিপন সরকার (পিতা: গবিন্দ মোহর সরকার), মাসকান্দা গ্রাম, ধর্মপাশা উপজেলা
অপু সরকার (পিতা: মতি সরকার), ফারুক নগর, মধ্যনগর উপজেলা
প্রভাত তালুকদার (পিতা: প্রমোদ তালুকদার), রাঙামাটি, মধ্যনগর উপজেলা
বিধান সরকার (পিতা: বিনোদ সরকার), দৈরাকোনা গ্রাম, কলমাকান্দা, নেত্রকোনা
সৃজন সরকার (পিতা: জীবন সরকার), বরহাতরী গ্রাম, মোহনগঞ্জ, নেত্রকোনা
রিক্তা সরকার (স্বামী: বিধান সরকার), ডরিয়াকোনা, জেলা সদর, নেত্রকোনা
বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতে কাজের সন্ধানে, দেশে ফিরতে গিয়ে ধরা
বিজিবি জানিয়েছে, চার থেকে পাঁচ মাস আগে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতের কুচবিহার এলাকায় পাড়ি জমায়। সেখানে আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে অবস্থান করে তারা দিনমজুরের কাজ করছিল। সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হলে তারা সীমান্ত পেরিয়ে মেঘালয় হয়ে তাহিরপুরের লামাকাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
সেই সময় স্থানীয়রা তাদের সন্দেহজনক মনে করে আটক করে এবং বিজিবির বিরেন্দ্রনগর বিওপি টহল দলের হাতে তুলে দেয়।
বিজিবি কর্মকর্তা লে. কর্নেল জাকারিয়া কাদির আরও জানান, আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।