মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়“নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে” — মির্জা ফখরুলের সতর্কবার্তা

“নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে” — মির্জা ফখরুলের সতর্কবার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
“নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে” — মির্জা ফখরুলের সতর্কবার্তা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কোন্দল এবং তর্ক-বিতর্ক দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে। তিনি বলেন, “এভাবে চলতে থাকলে বাংলাদেশ আবারও পিছিয়ে যেতে পারে, ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ করে দেওয়া হবে।”

সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্র্যাফিতি আর্ট উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

সরকারের সংস্কার প্রচেষ্টার সমালোচনা করে ফখরুল বলেন, “সরকার প্রতিনিয়ত সংস্কারের কথা বলছে কিন্তু একইসঙ্গে বিরোধী দলগুলোকেই ব্যর্থতার দায়ে দোষারোপ করছে। এটা ঠিক নয়। সহযোগিতার বদলে দায় চাপানো রাজনৈতিক সদিচ্ছার পরিচায়ক নয়।”

তিনি প্রশ্ন রাখেন, “এক বছর হয়ে গেলো, এখনও শেখ হাসিনার বিচার সংক্রান্ত কোনো অগ্রগতি নেই। কেন?”
‘ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ দুই হাজারের বেশি মানুষ’

মির্জা ফখরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শুধু যুবদল-ছাত্রদল নয়, পাঁচ বছরের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমেছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে দুই হাজারেরও বেশি মানুষ।”

তিনি অভিযোগ করেন, “গত জুলাই মাসে আমাদের অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি অফিসে নির্মম নির্যাতন করা হয়েছে—নখ তুলে ফেলা, হাত ভাঙা, ঝুলিয়ে পেটানো হয়েছে। কিন্তু এসবের ছবি গণমাধ্যমে আসে না।”

গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, “দয়া করে সত্যটা বলুন—সাদাকে সাদা, কালোকে কালো বলুন। যে অবদান রাখে, তাকে স্বীকৃতি দিন।”
‘আজও খালেদা জিয়াকে ভুলে যাওয়া যায় না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “একটি মিথ্যা মামলায় তাঁকে পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল। গণতন্ত্রের জন্য খালেদা জিয়া তাঁর সবকিছু ত্যাগ করেছেন। অথচ এখন কেউ আর তাঁর কথা বলে না।”
‘এই কি ছিলো দেশের প্রত্যাশিত ভবিষ্যৎ?’

তিনি বলেন, “আজ পত্রিকায় দেখলাম—পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তারা জোর করে একটি বাড়ি থেকে ৫০ লাখ টাকা নিয়েছে। এক বছর হয়নি আন্দোলনের, এত দ্রুত যদি এমন অনিয়ম শুরু হয়, তাহলে ভবিষ্যৎ কী?”