জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জামায়াতের, নির্বাচনি পরিবেশ নিয়ে সংশয়
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘জুলাই সনদ’ অনুযায়ী আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এখনো দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (৬ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এটি একটি অসম্পূর্ণ সনদ। প্রধান উপদেষ্টা কবে এবং কীভাবে এ সনদ বাস্তবায়ন করবেন, তা এখনো স্পষ্ট নয়।”
জামায়াতের এই নেতা আরও বলেন, “নির্বাচিত সরকারের অধীনে এই ঘোষণাপত্র বাস্তবায়নের সিদ্ধান্ত জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। আমরা চাই, ঘোষিত নির্বাচনি সময়সূচি জুলাই সনদ অনুযায়ী নির্ধারণ হোক।”
এর একদিন আগে, মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করেন। এ সময় সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
ঘোষণার পরপরই জামায়াতে ইসলামী তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে।
এদিন রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।