৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ
পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় ধাপের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে মোট ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) প্রতিবেদনটি জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। এসময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান জাকির আহমেদ খান। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের প্রতিনিধিরা এতে অন্তর্ভুক্ত ছিলেন।
প্রথম ধাপে কমিটি উপসচিব ও তদূর্ধ্ব পদে বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করে।
দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড ও তদূর্ধ্ব পদে বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৬৮টি কমিটির আওতার বাইরে এবং ৪০টি তথ্যগতভাবে অসম্পূর্ণ থাকায় মোট ১০৮টি আবেদন বাতিল করা হয়। ফলে ২১০টি আবেদন পর্যালোচনার জন্য গৃহীত হয়।