রোহিঙ্গা সংকটে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা টম অ্যান্ড্রুজের
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। সাক্ষাৎকালে তিনি ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন যে, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদফতরে রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ এবং সংকট সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য বিশ্ব ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞ।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সম্মেলন দীর্ঘায়িত সংকট সমাধানে কার্যকর পথ তৈরি করবে। তবে সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাসের কারণে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা ও প্রয়োজনীয় সেবায় বড় প্রভাব পড়ছে। এজন্য তিনি পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে অ্যান্ড্রুজকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অ্যান্ড্রুজ বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, রাখাইনকে স্থিতিশীল করার উদ্যোগ জাতিসংঘ মহাসচিব নিলেও দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে তা সফল হয়নি। তবুও তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত প্রচেষ্টা দ্রুত স্থায়ী সমাধান আনতে সক্ষম হবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত স্টেকহোল্ডার সংলাপে অংশ নেবেন, যার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।