শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমজাতীয়তৌহিদ-ইসহাক বৈঠক আজ: পাঁচ-ছয় চুক্তি সইয়ের সম্ভাবনা

তৌহিদ-ইসহাক বৈঠক আজ: পাঁচ-ছয় চুক্তি সইয়ের সম্ভাবনা

favicon
অনলাইন সংস্করণ
তৌহিদ-ইসহাক বৈঠক আজ: পাঁচ-ছয় চুক্তি সইয়ের সম্ভাবনা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ (রবিবার) দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে।


বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সংযুক্তি এবং দুই দেশের জনগণের চলাচল সহজতর করার মতো বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু আলোচনায় আসবে। বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সম্ভাব্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে—


সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি,


বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন,


সংস্কৃতি বিনিময় কর্মসূচি,


দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা,


রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা,


বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সমঝোতা।


সূত্র আরও জানায়, সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতায় এবার আলোচনায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। তবে অমীমাংসিত তিন ঐতিহাসিক ইস্যু—১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা—এড়িয়ে সম্পর্ক এগোনো সম্ভব নয়।


উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি এসেছে। প্রায় দেড় দশক পর গত এপ্রিলে ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে স্থবির সম্পর্ক পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেয় দুই দেশ।