রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইউনূস
রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপ উদ্বোধনের জন্য কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সকাল পৌনে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে অবতরণ করেন।
কক্সবাজারের হোটেল বে ওয়াচে আয়োজিত ‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ : টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এই সংলাপে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ ও অন্যান্য বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সংলাপ মূলত আসন্ন সেপ্টেম্বরের নিউ ইয়র্ক বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এর বিশেষ তাৎপর্য হলো রোহিঙ্গাদের সরাসরি অংশগ্রহণ। তারা এখানে তাদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানাবেন। এসব মতামত নিউ ইয়র্ক সম্মেলনের আলোচনায় প্রতিফলিত হবে।
তিনি জানান, সংলাপটি চারটি থিম্যাটিক অধিবেশনের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে—
মানবিক সহায়তা ও তহবিল সংকট মোকাবিলা
রাখাইনের বর্তমান পরিস্থিতি ও প্রত্যাবাসনের আস্থা গড়ে তোলা
ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতকরণ
দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের কৌশল
সংলাপ শেষে একটি ‘চেয়ার’স সামারি’ তৈরি করা হবে, যেখানে আলোচনার মূল সারমর্ম ও সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এটি নিউ ইয়র্ক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডকুমেন্ট হিসেবে কাজ করবে বলে জানান পররাষ্ট্রসচিব।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৮ লাখ রোহিঙ্গা। তখন থেকে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ।