আজ যমুনায় বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজ (রবিবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় জামায়াত, সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সেনা-পুলিশের লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আহত হওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়। প্রায় সব রাজনৈতিক দলই এ ঘটনার নিন্দা জানায়। এ প্রেক্ষাপটে শনিবার অন্তর্বর্তী সরকারের এক সভায় নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন।
তিনি জানান, “প্রধান উপদেষ্টা আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন। আলোচনায় দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন প্রস্তুতি গুরুত্ব পাবে। সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর।”
নির্বাচন কমিশন ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে আসন পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর অনুমোদন কার্যক্রম।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে কোনো প্রকার বাধা বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।