বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › পলিথিনের ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

পলিথিনের ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

favicon
অনলাইন সংস্করণ
পলিথিনের ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করছে সরকার। তবে নিষিদ্ধঘোষিত পলিথিন পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না; জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য নিয়মিত বাজার তদারকি করা হবে।


রবিবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


তিনি বলেন, পলিথিনের ব্যাপক ব্যবহার মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। বিপরীতে পাটের ব্যাগ টেকসই, পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে টিসিবি ডিলার ও বাজারের বণিক সমিতির মাধ্যমে এসব ব্যাগ ভর্তুকি মূল্যে বিক্রি হবে।


এ প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে পাটের ব্যাগ ব্যবহার ও পুনর্ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে। একই সঙ্গে বহুমুখী পাটপণ্য উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন, মার্কেটিং, মান নিয়ন্ত্রণ ও উৎপাদন খরচ কমানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। বণিক সমিতি ও টিসিবি ডিলারদেরও প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া সভা, সেমিনার, কর্মশালা ও গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। এ ছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।


জানা গেছে, নির্ধারিত দোকানগুলোতে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ পাওয়া যাবে। ব্যাগের মান ও সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা, ৩৫ টাকা, ৭০ টাকা এবং ৮০ টাকা।