ঢামেকে নুরুল হক নুরকে দেখতে গেলেন মির্জা ফখরুল
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে গিয়ে নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন।
অন্যদিকে, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালেও যান বিএনপি মহাসচিব। সোমবার রাতে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।