ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমল, নতুন মূল্য ১,২৭০ টাকা
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কমিশনের ঘোষণায় জানানো হয়, চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একইসঙ্গে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দামও ১৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা এবং অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি।