ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিসটেনসেনকে মনোনীত করলেন ট্রাম্প
ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিসটেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ আগস্ট) প্রস্তাবটি সিনেটে পাঠানো হয়। সিনেট অনুমোদন দিলেই তার নিয়োগ চূড়ান্ত হবে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
বর্তমানে ব্রেন্ট ক্রিসটেনসেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর ছিলেন।
ব্রেন্ট ২০২২ সালে ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরও আগে, ২০০২ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি হিউস্টন ও নিউ ইয়র্ক সিটিতে ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।