সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি, কোথাও কোথাও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি কোথাও কোথাও ঝোড়ো বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতাও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
মৌসুমী বায়ুর অক্ষের বিস্তার রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরিশালের খেপুপাড়ায় সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।