কয়লা সরবরাহে অনিয়ম: পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ বছর মেয়াদি টেন্ডার বাতিল
কয়লা সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগে পটুয়াখালী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ বছর মেয়াদি টেন্ডার বাতিল করেছে বিদ্যুৎ বিভাগ। ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর প্রতিষ্ঠান আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডকে (আরএনপিএল) এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে যত দ্রুত সম্ভব নতুন দরপত্র আহ্বানের পদক্ষেপ নিতে বলা হয়েছে। এবার নতুন দরপত্রে চুক্তির মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ২ বছর করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটি দরপত্র প্রক্রিয়ার কারিগরি ও আর্থিক মূল্যায়নে অনিয়ম পাওয়ার পর গত ৭ আগস্ট বিদ্যুৎ বিভাগ এই সিদ্ধান্ত দেয়। উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কয়লা সংগ্রহের জন্য আহ্বান করা দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে।
আদেশটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান, আরএনপিএল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সচিব এবং বিদ্যুৎ সচিবকে জানানো হয়েছে।
বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, “কয়লা সরবরাহকারী নিয়োগের প্রক্রিয়া প্রতিযোগিতামূলক না হলে কয়লার দাম বাড়বে, যা শেষ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়িয়ে দেবে। সংক্ষিপ্ত মেয়াদের টেন্ডার হলে অনেক ছোট সরবরাহকারীও অংশ নেওয়ার সুযোগ পাবে।”
এর আগে দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশ হলে চলতি বছরের ১১ জুলাই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দরপত্রে এমন কিছু শর্ত রাখা হয়েছিল যা মূলত একমাত্র দরদাতা সিঙ্গাপুরভিত্তিক ইয়ংটাই এনার্জি প্রাইভেট লিমিটেডকে সুবিধা দিয়েছে।
২০২৪ সাল থেকে আহ্বান করা তিন দফা দরপত্রেই একমাত্র যোগ্য প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয় ইয়ংটাই এনার্জি।