বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আফগানিস্তানের ভূমিকম্প দুর্গতদের জন্য বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ সহায়তা

আফগানিস্তানের ভূমিকম্প দুর্গতদের জন্য বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ সহায়তা

favicon
অনলাইন সংস্করণ
আফগানিস্তানের ভূমিকম্প দুর্গতদের জন্য বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ সহায়তা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে এ ত্রাণ কাবুলের উদ্দেশে রওনা হয়।


বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ খাবার পানি ও ওষুধ।


গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার মারাত্মক সংকট দেখা দেয়, যা মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে।


বন্ধুপ্রতিম দেশের এ দুর্যোগে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশে সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে শুক্রবার সকাল ৮টায় বিমান বাহিনীর পরিবহন বিমান ১১.২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা দেয়। ত্রাণ হস্তান্তরের পর বিমানটি একই দিনে দেশে ফিরে আসবে।


আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সহায়তা আফগানিস্তানের ভূমিকম্প দুর্গতদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বৈশ্বিক মানবিক সংকটে সরকারের নির্দেশনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত থাকবে।