বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ‘ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান’ — উপদেষ্টা আদিলুর রহমান খান

‘ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান’ — উপদেষ্টা আদিলুর রহমান খান

favicon
অনলাইন সংস্করণ
‘ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান’ — উপদেষ্টা আদিলুর রহমান খান

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “পরাজিত ফ্যাসিবাদ শেষ হয়ে গেছে—এমনটা ভাবার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্র এখনও চলমান। ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চায়, তাকে প্রতিহত করতে হয়। বাংলাদেশের জনগণ সেই প্রতিহত করার ক্ষমতা রাখে।”


শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের ভবানীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আদিলুর রহমান খান বলেন, “জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তাদের ডাকে সারা দেশের মানুষ একত্রিত হয়েছিল। ৩৬ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হলেও এখনো সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। বিচার ও সংস্কারের কাজ চলছে। পাশাপাশি নির্বাচনের ঘোষণাও এসেছে। এই সরকার কেবল সরকারের নয়, এটি গণঅভ্যুত্থানের সরকার। তাই জনগণের মুক্তির অঙ্গীকার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”


তিনি আরও বলেন, “সারা দেশের শহীদদের কবর সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা সেবার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। জুলাই শহীদরা জাতির সূর্যসন্তান।”


অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম, শহীদ আকিবের বাবা জামায়াত নেতা দেলোয়ার হোসেন খান এবং শহীদ হৃদয়ের বাবা রাজু আহমেদ।


এর আগে সকাল সাড়ে ৮টায় উপদেষ্টা জুলাই শহীদদের কবর জিয়ারত করেন এবং শুক্রবার রাতে তিনি স্থানীয় শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।