শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মুখ খুললেন কুগেলম্যান

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মুখ খুললেন কুগেলম্যান

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মুখ খুললেন কুগেলম্যান

বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের নেপথ্যে যুক্তরাষ্ট্র সক্রিয় ছিল— এমন ধারণাকে সরাসরি ‘ষড়যন্ত্র তত্ত্ব’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান।


তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ওয়াশিংটন-ঢাকা সম্পর্কের ধারা পাল্টে গেছে। জো বাইডেন প্রশাসনের মতো মানবাধিকার ও গণতন্ত্র নয়, ট্রাম্প প্রশাসনের মূল অগ্রাধিকার ব্যবসা-বাণিজ্য।


যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো কুগেলম্যান জানান, ট্রাম্প প্রায় সব বিদেশি সাহায্য স্থগিত করেছেন, এমনকি ইউএসএইডও ভেঙে দিয়েছেন। তিনি ‘নেশন বিল্ডিং’ পছন্দ করেন না। ফলে বাইডেন আমলে দেওয়া প্রতিশ্রুতিগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


গণতন্ত্র, মানবাধিকার বা সংখ্যালঘু অধিকারের মতো বিষয়গুলো এখন আর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনার অগ্রাধিকারে নেই বলেও জানান তিনি। কুগেলম্যানের মতে, ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ স্বার্থনির্ভর ও লেনদেনভিত্তিক নীতি অনুসরণ করছে।


তার পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মূল ফোকাসে নেই, যা ইতিবাচকও হতে পারে। কারণ নজরে থাকা দেশগুলোর (যেমন ভারত) সঙ্গে যুক্তরাষ্ট্রের জটিলতা তৈরি হয়েছে।


এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দক্ষিণপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রসঙ্গে কুগেলম্যান বলেন, গত এক বছরে ধর্মভিত্তিক ডানপন্থী গোষ্ঠীগুলো বড় রাজনৈতিক সুযোগ পেয়েছে। তারা যদি সহিংসতা বা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে তা সন্ত্রাসবাদী ঝুঁকি বাড়াবে। ইতোমধ্যেই পাকিস্তানি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে।


তিনি মনে করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি বেড়েছে। আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি থাকলেও সহিংসতা নিয়ে আশঙ্কা থেকেই যায়।


এই প্রেক্ষাপটে তিনি সুষ্ঠু ও সময়মতো নির্বাচন আয়োজনের ওপর জোর দেন। কুগেলম্যান বলেন, গণঅভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। অস্থিরতা বাড়লেও জনগণের স্বাধীনতা আগের তুলনায় বেড়েছে। তবে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জও কম নয়।


সবশেষে তিনি জানান, নতুন শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি নিয়ে বাংলাদেশের ওপর চাপ তৈরি হয়েছে।