বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রংপুরে সেনা-পুলিশের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

রংপুরে সেনা-পুলিশের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
রংপুরে সেনা-পুলিশের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

রংপুর নগরীর তাজহাট থানা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে দর্শনা মোড় থেকে মডার্ন মোড় মহাসড়কের পশ্চিম পাশে শুঁটকির আড়তসংলগ্ন একটি বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।


তাজহাট থানার ওসি শাহাজান আলী জানান, অভিযানে শুঁটকির আড়তের পাশের বাউন্ডারিওয়ালা একটি নির্জন বাগান থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ পাওয়া যায়।


উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসি আরও বলেন, “অস্ত্রগুলো কোথা থেকে এলো এবং কারা রেখে গেছে, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চক্র নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এগুলো মজুদ করেছিল।”


স্থানীয়রা হঠাৎ এত বিপুল অস্ত্র উদ্ধারে আতঙ্ক প্রকাশ করেছেন। দোকানদার শামিম মিয়া বলেন, “এলাকাটা রাতে নির্জন থাকে, মাঝে মাঝে সন্দেহজনক লোকজন দেখা যায়। এতগুলো বন্দুক পাওয়া যাবে, তা ভাবতেই পারিনি।”


বাসিন্দা কালাম মিয়া বলেন, “যদি এগুলো অপরাধীদের হাতে যেত, বড় দুর্ঘটনা ঘটতে পারত। যৌথ বাহিনীর তৎপরতায় আমরা স্বস্তি পেয়েছি।”


আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সম্প্রতি উত্তরাঞ্চলে অস্ত্র চোরাচালান ও অপরাধ চক্র সক্রিয় হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। তারই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। রংপুরের বাসিন্দারা দাবি করেছেন, শুধু অস্ত্র উদ্ধার নয়, এর উৎস ও সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনতে হবে।